‘চাটুকার’ কর্মচারীদের মন্ত্রীর হুঁশিয়ারি
সরকারি কর্মচারীদের চাটুকারিতা থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, সরকারের প্রচার তাদের কাজ নয়, তাদের কাজ সেবা দেয়া।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ ফেজ-৩ প্রকল্পের উপর আয়োজিত ওই কর্মশালায় লতিফ সিদ্দিকী বলেন, “শেখ হাসিনার প্রচারের জন্য আওয়ামী লীগের কর্মী আছে। তারা জনগণের কাছে শেখ হাসিনার প্রচার করবে। আপনাদের (সরকারি কর্মচারী) এটা করার দরকার নাই।”
‘ইনফো সরকার-৩: কী চাই’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
অনুষ্ঠানে আয়োজকদের দেয়া একটি কাগজ হাতে নিয়ে মন্ত্রী বলেন, “এখানে লেখা আছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে...। উনি যোগ্য না অযোগ্য সেটা জনগণ বিচার করবে। আপনারা কর্মসূচি বাস্তবায়ন করুন। এজন্য আপনাদের সুযোগ-সুবিধা দেয়া হয়।”
“সুতরাং চাটুকাররা হুঁশিয়ার। চাপার জোরে, শব্দের কারুকার্যে, বিকট তাত্ত্বিক আলোচনা আনার দরকার নেই। সরল কাজ সরলভাবে করতে হবে।”
লতিফ সিদ্দিকী বলেন, “আমরা ভোট ভিক্ষা করি আর ভোটের পর মানুষকে বাড়ির দারোয়ান দিয়ে তাড়িয়ে দেই। এখনতো পোশাকও বদলিয়েছি। রূপ পাল্টিয়েছি আর পোশাক পাল্টাবো না?”
“মুজিব কোট দিয়ে প্রায়োগিক দিক হবে না। চায়নায় মাও সে তুংয়ের কোট আর পরে না।”
তিনি বলেন, “আমার একই অঙ্গে বহুরূপ। কেউ কাজে ব্যাঘাত ঘটালে লাঠি তুলতে পিছপা হই না। আবার যারা সাহায্য করে তাদের মাথায় তুলে তাধিন তাধিন নাচি।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দিন, বেসিস সভাপতি শামীম আহসান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক ইকবাল মাহমুদ।
