পীরগঞ্জে বাস খাদে পড়ে ৪ জন নিহত
রংপুরের পীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের আংরার ব্রিজে এ ঘটনা ঘটে।
“পণ্যবাহী ওই ট্রাকটি রংপুর থেকে ট্রাঙ্গাইল যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন মারা যান।”
নিহতরা হলেন, মানিক মিয়া (৩০), অঞ্জনা বেগম (৩২), ইসলাম (৪০) ও ওসমান গনি (৪৮)। তারা সবাই পোশাক শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
আরএন এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে নীলফামারীর ডোমার যাচ্ছিল।
আহতদের মধ্যে ১২ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত পাঁচ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
