২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি আব্দুল ওদুদের দুঃখপ্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে এক সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় সাংবাদিকদের অসন্তোষের মুখে দুঃখপ্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 01:37 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে আনুষ্ঠানিকভাবে নিজের অনুতাপের কথাও জানান চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এই সাংসদ।

তার দুঃখপ্রকাশের পর ওই সংসদ সদস্যের সব ধরনের সংবাদ বর্জনের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেন স্থানীয় সাংবাদিকরা।

গত ৩ এপ্রিল সকালে সদর উপজেলা শিক্ষা অফিসে স্থানীয় সাংবাদিক এমরান ফারুক মাসুমকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন এই সংসদ সদস্য।

ঘটনার সাতদিন পর সকাল ১০টার দিকে প্রেসক্লাবে উপস্থিত হয়ে আব্দুল ওদুদ বলেন, “ওই ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমি অনুতপ্ত এবং এঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি।”

তিনি বেশকিছু সময় ধরে প্রেসক্লাবে অবস্থান করে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমস্যা নিয়ে আলোচনা করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষসহ দুই প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করতে সদর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে আসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (বিদ্যালয়) দেবেশ সরকার। এসময় সংবাদ সংগ্রহের জন্য দৈনিক যুগান্তর, আরটিভি ও বিটিভির স্থানীয় প্রতিনিধি এমরান ফারুক মাসুম ওই কার্যালয়ে যান। কিছুক্ষণ পর সংসদ সদস্য আব্দুল ওদুদ সেখানে পৌঁছার পর তার সঙ্গে এমরান ফারুক মাসুমের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সংসদ সদস্য আব্দুল ওদুদ ও তার লোকজন মাসুমকে শারিরীকভাবে লাঞ্ছিত করে।

ঘটনার প্রতিবাদে ওই দিনই সাংসদের সব কার্যক্রমের সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা। পর দিন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।