তারেক রহমানের বক্তব্যের সমালোচনা ইউরোপীয় আ. লীগের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ’ প্রধানমন্ত্রী বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করেছে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারেকের সমালোচনা করা হয়।
ফাইল ছবি
এতে বলা হয়, “সারা জীবন দুর্নীতি ও কুকর্ম করে তারেক রহমান নিজেও এখন পাগল হয়ে গেছেন। পাগলা গারদ ছাড়া তার কোনো চিকিৎসা নেই। জরুরি ভিত্তিতে তাকে কোনো পাগলা গারদে ভর্তি করা দরকার।”
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গত ০৮ এপ্রিল লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম ’অবৈধ প্রধানমন্ত্রী’ ছিলেন।
তারেকের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগের নেতারা।
বৃহস্পতিবার সংসদে আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তারেককে ‘আহাম্মক’ বলে আখ্যায়িত করেন। আগেরদিন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তারেকের মস্তিষ্ক পরীক্ষা করানো দরকার।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটেও তারেক রহমানের ওই বক্তব্যের ব্যাপক সমালোচনা চলছে।
এর আগে ২৫ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলেন তারেক।
২১ অগাস্ট গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলার চার্জশিটভুক্ত আসামি তারেক রহমান ২০০৮ সাল থেকে বিদেশে অবস্থান করছেন।
সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হয়, “আজ সে বলছে, বঙ্গবন্ধু ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী। কাল সে বলবে বাংলাদেশটাই অবৈধ।”
তারেক রহমান লন্ডনে বসে বারবার সংবিধান লংঘন ও মিথ্যাচার করে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
