পত্রিকা খুললেই মন খারাপ হয় বিচারকের
প্রতিদিন ভোরে পত্রিকা খুললে মন খারাপ হয়ে যাওয়ার কথা জানালেন হাই কোর্টের এক বিচারপতি।
বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মারপিটের খবর নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন আদালতের নজরে আনলে হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক এই অভিব্যক্তি ব্যক্ত করেন।
‘বাগেরহাটের চিতলমারী ও পিরোজপুরের নাজিরপুর সীমান্তে হিন্দুদের মারপিট’ শিরোনামের প্রতিবেদনটি নজরে আনলে একটি দ্বৈত রিট বেঞ্চের জ্যেষ্ঠ এই বিচারক বলেন, “পত্রিকা দেখিয়ে কি হবে? প্রতিদিন পত্রিকা খুললেই মন খারাপ হয়ে যায়। অবস্থাতো খুব খারাপ। প্রশাসন যে কী করে? দিলে তো প্রতিদিন ২০-২৫টা সুয়োমুটো আদেশ দিতে হবে।”
পরে গত ২৬ মার্চ দৈনিক সংবাদে প্রকাশিত ওই প্রতিবেদনটি শোনেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের এই বেঞ্চ।
শুনানির পর বাগেরহাটের চিতলমারী ও পিরোজপুরের নাজিরপুরে হিন্দুদের নির্যাতনের তদন্তের নির্দেশ দেন তারা।
আদেশে ওই দুই থানায় গত মার্চের শেষদিকে সংঘঠিত নির্যাতনের ঘটনা তদন্তে দুই জেলার প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ৪ মে পরবর্তী আদেশের দিন রেখে ওই দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করা হয়।
রিপন বাড়ৈ নামে হাই কোর্টের এক আইনজীবী প্রতিবেদনটি আদালতের নজরে আনেন। এ সময় আদালতে উপস্থিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়ও এ বিষয়ে আদেশ দেয়া যেতে পারে বলে মত দেন।
এতে বলা হয়, বাগেরহাটের চিতলমারি উপজেলার চরবানিয়ারী এলাকা এবং পিরোজপুরের নাজিরপুর কালিগঞ্জ বানিয়ারী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় স্থানীয় জয় ব্রিক ফিল্ডের মালিকপক্ষ হিন্দুদের পিটিয়ে আহত করেছে।
আহতদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় চরভরাটি হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০০ একর জমি বাগেরহাটের চিতলমারী এলাকার প্রভাবশালী ব্যক্তি দখল করে ইটভাটা করেছে। অথচ গত ৪০/৫০ বছর যাবত ওই জমির খাজনা দিয়ে ভোগ করে আসছিলেন হিন্দুরা।
রিটের এখতিয়ারে থাকা এই বেঞ্চ প্রায়ই জনস্বার্থে নানা স্বতঃপ্রণোদিত আদেশ দিয়ে আসছে।
