চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
অপহরণের পর হত্যা চেষ্টার অভিযোগ এনে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও এলডিপিনেতা আবদুল জব্বার চৌধুরী বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে শেখ মো. শওকত হোসেন নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী এই মামলা করেন।
মামলায় জব্বার চৌধুরী ছাড়াও এলডিপির আরও ৮ কর্মীকে আসামি করা হয়েছে।
আদালত মামলা আমলে নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনারকে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন বলে জানান বাদির আইনজীবী মোস্তফা ইমরান সোহেল।
মামলার এজাহার থেকে জানা গেছে, শেখ মো. শওকত গত ১ এপ্রিল উপজেলা নির্বাচনের পর তাকে মারধরের অভিযোগ এনে জব্বার চৌধুরীর বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি মামলা করেছিলেন।
পরদিন চন্দনাইশ থেকে নগরীতে আসার সময় পাথরঘাটা এলাকায় আবদুল জব্বার চৌধুরীর সহযোগীরা শওকতকে মাইক্রোবাসে তুলে নিয়ে সফিনা নামে একটি আবাসিক হোটেলে আটকে রেখে নির্যাতন করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয় বলে এজোহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে শওকতকে কক্সবাজারে নিয়ে আটকে রেখে জব্বার চৌধুরী ও তার সহযোগীরা মারধর করে এবং মামলা প্রত্যাহারের কাগজে জোর করে স্বাক্ষর নেন।
আইনজীবী মোস্তফা ইমরান বলেন, গত ৫ এপ্রিল শওকতকে কক্সবাজার থেকে উদ্ধার করে পুলিশ।
এঘটনায় থানায় মামলা না নেয়ায় শওকত আদালতে মামলা করেন বলে জানান তার আইনজীবী।
মারধরের অভিযোগে করা মামলাটি তিন দিন পরই প্রত্যাহার কররা হয়েছিল বলে এজাহারে দাবি করা হয়েছে।
