ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধা প্রভাষের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া রেলগেট এলাকায় ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধা প্রভাষ চন্দ্র সাহার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। চির কুমার মুক্তিযোদ্ধা প্রভাষ চন্দ্র সাহা কর্মজীবনে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন।
উপজেলার ঘোষগাতি গ্রামের মৃত বিমল চন্দ্র সাহার ছেলে সুভাষকে দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে বলে জানান উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা।
সকাল সাড়ে ৭টার দিকে প্রাতঃভ্রমণে বেরিয়ে ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেন কাটা পড়েন তিনি।
বেলা ১২টার দিকে ঘোষগাতি মহা শ্বশানে রাষ্ট্রীয় মর্যাদায় এই মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার শামীম আলম, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, পৌর মেয়র বেলাল হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।
