২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরনের জন্য সংসদে শোক

শওকত হোসেন হিরনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রয়াত সংসদ সদস্যের বিভিন্ন স্মৃতি উঠে আসে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 11:23 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বরিশালের সংসদ সদস্য ও সাবেক মেয়র হিরন বুধবার মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর দুই সপ্তার বেশি সময় লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সংসদ সদস্য হিরনকে স্মরণ করে বলেন, “এতে আমাদের দলের যেমন ক্ষতি হয়েছে, বরিশাল অঞ্চলের ক্ষতি হয়েছে। হয়ত এমন নেতৃত্ব আর পাব না।” বরিশালের উন্নয়নে প্রয়াতের অবদান তুলে ধরে তিনি বলেন, হিরন মেয়রের দায়িত্ব নেয়ার পর বরিশালবাসী শান্তি ফিরে পেয়েছিল।

বরিশাল আবাহনীর সভাপতি হিসেবে ক্রীড়া ক্ষেত্রেও হিরনের ভূমিকা উঠে আসে হাসিনার কথায়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার অঞ্চলের এই সংসদ সদস্যকে স্মরণ করে বলেন, ““সরকারের পক্ষ থেকে যা না করা হয়েছে, হিরন তার চেয়ে বেশি করেছিল।”

হিরনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বরিশাল বিভাগের সংসদ সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, আ ফ ম বাহাউদ্দিন নাছিমও শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন।