২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে বাস উল্টে নিহত ১

রাজশাহীর চারঘাটে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 09:32 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে চারঘাটের তালতলায় এ দুর্ঘটনায় পুলিশের দুই এসআইসহ অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছে।

নিহত নিতাই বিশ্বাস (৩৫) পবা উপজেলার শিতলায় কাজিপুর গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে ২২ জনকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চারঘাট থানার ওসি গোলাম মুর্তুজা জানান, বাঘা উপজেলা থেকে যাত্রী নিয়ে মা ইন্টারপ্রাইজ নামের বাস রাজশাহী যাচ্ছিল।

সন্ধ্যা ৭টার দিকে চারঘাটের তালতলায় সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়।

এতে বাসের সব যাত্রী আহত হন।

দমকল কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চারঘাট ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি মুর্তুজা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, বাস উল্টে দুই এসআইসহ আহত ১১ জনকে এ হাসপাতালে নিয়ে আসা হয়।

এদের মধ্যে নিতাই বিশ্বাস (৩৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বাড়ি পবা উপজেলার শিতলায় কাজিপুর গ্রামে।

আহত দুই এসআই হলেন তহসিলুজ্জামান ও নুরুজ্জামান। তারা নাটোরের সিংড়া থানায় কর্মরত।

সারদা পুলিশ একাডেমি থেকে ওই বাসে তারা যাচ্ছিল বলে জানান তিনি।