শেরপুরে কৃষি ব্যাংকের ৫২ লাখ টাকা আত্মসাতের তদন্ত শুরু
শেরপুরে কৃষি ব্যাংক থেকে ৫২ লাখ টাকা আত্মসাতের ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বুধবার এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার এসআই বন্দে আলী ব্যাংকে এবং অভিযুক্ত ব্যাংকের পরিদর্শক মিজানুর রহমানের শহরের নবী নগরের বাসায় তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
অভিযুক্ত ব্যাংকের পরিদর্শক মিজানুর রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ ১৭৯০)এর শেরপুর আঞ্চলিক সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
এদিকে কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রবিউল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও কাজ শুরু করেছে।
ব্যাংকের ঋণ আদায়, কিভাবে এবং প্রকৃতপক্ষে কত টাকা আত্মসাত করা হয়েছে তা খতিয়ে দেখবে ব্যাংকের তদন্ত দল।
এ ঘটনায় আরও কোন ব্যাংক কর্মকর্তার কোন ধরনের গাফেলতি বা সংশ্রব রয়েছে কিনা তাও পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা।
ব্যাংকের বিভাগীয় পর্যায়ে এ কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে তদন্তের প্রয়োজনে সময় আরও বাড়তে পারে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মো. মতিউর রহমান জানান, অভিযুক্ত পরিদর্শক মিজানুর ঋণ আদায়ের ৫২ লাখ বা তারও বেশি টাকা আত্মসাত করে গত ২৩ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন ছাড়াও মামলা করার সিদ্ধান্ত হয়।
এরপর কৃষি ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করেন।
টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত মিজানুর রহমান প্রায় ৫ বছরের বেশি সময় ধরে কৃষি ব্যাংকের এই শাখায় কর্মরত রয়েছেন।
তিনি শেরপুর সদর উপজেলার বেতমারী, ঘুঘুরাকান্দি এবং পৌর এলাকার তাতালপুর, মোবারকপুর, মিরগঞ্জ, নৌহাটা, গৌরীপুর, সজবরখিলা এলাকায় ঋণ বিতরণ ও আদায়ের দায়িত্বে নিয়োজিত আছেন।
কৃষি ব্যাংকের ৫২ লাখ টাকা নিয়ে পরিদর্শক ‘উধাও’
