নড়াইলে পুলিশ পরিচয়ে ‘ডাকাতি’
পুলিশ পরিচয়ে নড়াইলে দুটি বাড়িতে ‘ডাকাতি’ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধরার ভোর ৩টার দিকে এ ঘটনায় ডাকাতরা হাফিজার শেখ (৫০), ওহিদুর রহমান (২৮) ও বাবুল কাজীকে (৩২) কুপিয়ে আহত করেছে।
আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহম্মেদ ভূইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
“ঘটনাস্থলে অনেক মূল্যবান জিনিস থাকার পরও তা না নিয়ে যাওয়ায় বিষয়টি ডাকাতি কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ঘটনার সময় ‘দোষীরা’ নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল এমন কোন কথা শোনেননি বলে জানান তিনি।
তবে হামলায় আহত কুরুলিয়া গ্রামে ওহিদুর রহমান বলেন, “ভোর ৩টার দিকে ডাকাতরা পুলিশ পরিচয়ে বাড়িতে এসে দরজা খুলতে বলে।
“এ সময় দরজা খুলতে দেরি হওয়ায় ৮/১০ জনের সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ঢুকে বাড়ির সদস্যদের জিম্মি করে।
“২৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।”
এ সময় তারা চিৎকার দিলে ডাকাতরা তাকে ও তার চাচা হাফিজার শেখকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে জানান তিনি।
ঘটনায় অপর আহত বাবুল কাজীর বোন লাকী খানম জানান, ঘরের দরজা ভেঙে ‘ডাকাত দল’ ভেতরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করেছে।”
বাধা দিতে গেলে ডাকাতরা তার ভাই বাবুল কাজীকে কুপিয়ে জখম করে বলে জানান তিনি।
এলাকাবাসী জানায়, সশস্ত্র ডাকাত দলের সদস্যরা প্রথমে কুরুলিয়া গ্রামের ওহিদুর রহমান ও পরে পাশ্ববর্তী রাজাপুর গ্রামের বাবুল কাজীর বাড়িতে হানা দেয়।
