২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম খরচে ক্যান্সারের চিকিৎসায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ক্যান্সার আক্রান্তদের জন্য সহজে ও কম খরচে চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার রাজধানীর উত্তরায় দেশের প্রথম বেসরকারি ‘আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এই হাসপাতাল সাধারণ মানুষ, বিশেষ করে ক্যান্সার আক্রান্তদের সহজে এবং কম খরচে চিকিৎসা সেবা নিশ্চিতে সার্বক্ষণিক দৃষ্টি রাখবে।

জনগণের অর্থে নির্মিত এ প্রতিষ্ঠানকে জনগণের সেবায় উৎসর্গ করতে ঢাকা আহছানিয়া মিশনকে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামীতে এ হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতীতের মত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পাশাপাশি বিত্তবানদের এ প্রতিষ্ঠানটিকে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাহায্যের অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা যদি জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ি, তাহলে দেখব, বাল্যকাল থেকেই মানুষের জন্য তার ছিল অপরিসীম মমতা। ছোটবেলা থেকেই কল্যাণ ও সেবা তার লক্ষ্য ছিল।

“আনুষ্ঠানিক রাজনীতি শুরুর অনেক আগে থেকেই বঙ্গবন্ধু সমাজের জন্য, দুঃখী মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তার রাজনীতির মূলমন্ত্র ছিল মানবতা, দুঃখী মানুষের সেবা। বঙ্গবন্ধুর এই মানবপ্রেমই হতে পারে আমাদের সকল কাজের প্রেরণার উৎস।”

যারা এই হাসপাতাল তৈরিতে অর্থ সাহায্য দিয়েছেন তাদেরও ধন্যবাদ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমি জেনে খুশি হয়েছি, সম্প্রতি পঞ্চগড় জেলায় ছয় থেকে আট বছর বয়সী ভাসমান শিশুদের নিয়ে ‘আহছানিয়া মিশন শিশু নগরী’ গড়ে তোলা হয়েছে। যেখানে পর্যায়ক্রমে ১০ হাজার পথশিশু মাতৃস্নেহে বেড়ে ওঠার প্রয়োজনীয় সুযোগ পাবে।”

স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃ মৃত্যুহার যথেষ্ট হ্রাস পেয়েছে। যক্ষা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অ্যানথ্রাক্স, নিপাহ, ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট সাফল্য অর্জন করেছে। কালাজ্বরে মৃতের সংখ্যা এখন শূন্যে নেমে এসেছে। পোলিও রোগ সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে।

স্বাস্থ্যখাতে সরকারের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে বেসরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, স্থানীয় সাংসদ সাহারা খাতুন, আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিক-উল হক এবং উপদেষ্টা সৈয়দা দীনা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের পরিচালক সায়েম আহমেদ ১৫ কোটি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক কে এইচ মেসবাহউদ্দিন আহমেদ দশ লাখ টাকা প্রধানমন্ত্রীর মাধ্যমে হাসপাতালে অনুদান দেন।

পরে শেখ হাসিনা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

‘না-লাভ, না-ক্ষতির’ ভিত্তিতে পরিচালিত চার লাখ ৫০ হাজার বর্গফুট আয়তনের ১৫ তলার হাসপাতালটির ৫০০ শয্যা পরিপূর্ণভাবে চালু হলে বহির্বিভাগে বছরে ১ লাখ ৮০ হাজার রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হবে।

হাসপাতালটিতে মেডিকেল ইমেজিং, প্যাথলজি, সার্কিকেল স্যুট, রেডিও থেরাপি ডিপার্টমেন্ট, নন-ইন্টারভেনশনাল কার্ডিওয়াক ও নিউরো ডায়াগনস্টিক এবং ডে-কেয়ারসহ সব ধরনের সুবিধা থাকবে।

প্রাথমিকভাবে হাসপাতালটি ৫০ শয্যা নিয়ে কাজ শুরু করবে এবং রেডিও থেরাপি, কেমোথেরাপি এবং ল্যাবরেটরি ও ইমেজিং সুবিধা থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

হাসপাতালের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ৩৯ কোটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ কোটি টাকা দিয়েছে।