মিরসরাইয়ে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ শিক্ষকদের
চট্টগ্রামের মিরসরাইয়ে অধ্যক্ষের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ থেকে শিক্ষক নেতারা নিজামপুর কলেজ অধ্যক্ষ রফিক উদ্দিনের ওপর হামলাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
শিক্ষক নেতারা বলেন, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১৪ জনকে আসামি করে মামলা হলেও ১০ দিনেও হামলাকারী কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সমাবেশ থেকে তারা অবিলম্বে হামকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, তা না হলে চট্টগ্রামের শিক্ষক সমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বাকবিশিস চট্টগ্রাম জেলা সভাপতি উপাধ্যক্ষ এস এম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাকবিশিস জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক উত্তম চৌধুরী, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণকুমার দত্ত, নিজামপুর কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরসরাই কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফি প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নিজামপুর কলেজ অধ্যক্ষের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।
গত ৩১ মে সকালে মিরসরাইয়ের নিজামপুর কলেজে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় কলেজ অধ্যক্ষ রফিক উদ্দিনের ওপর হামলা হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন।
