২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুলিশের গুলিতে আহত ‘ডাকাতের’ মৃত্যু

দিনাজপুরে গভীর রাতে মহাসড়কে ‘ডাকাতির প্রস্তুতি' নেয়ার সময় পুলিশের গুলিতে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:35 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

কোতয়ালী থানার পরিদর্শক হাফিজুর আলম মুন্সী জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেকের (৩০) মৃত্যু হয়।

তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামে।

এর আগে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।

পরিদর্শক হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে দিনাজপুর-দশমাইল মহাসড়কে সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন কোতয়ালী থানার এএসআই আবদুল আজিজ।

“এসময় সদর উপজেলার বাঁশেরহাট ব্র্যাক নার্সারির আমবাগানের সামনে ১০/১২ জন ‘ডাকাত’  মহাসড়কে ডাকাতির জন্য গাড়ি থামাতে রাস্তায় বড় দড়ি দিয়ে অবরোধ করে রাখে।

“এতে এএসআই আজিজের মোটরসাইকেল আটকে গেলে ‘ডাকাত’ দল তাদের আক্রমণ করে।

“পুলিশ পাল্টা চার রাউন্ড গুলি ছুড়লে আব্দুল খালেক পায়ে গুলিবিদ্ধ হন। তবে পালিয়ে যায় অন্যরা।”

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খালেকের মৃত্যু হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।