মিরসরাইয়ে কৃষককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছে তার ছেলে।
জোরারগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের সাইখপুর গ্রামে এ ঘটনায় নিহত হন ওই গ্রামের সুজাউল হক (৫৫)।
এতে আহত সুজাউলের ছেলে রাজিবুল হক (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজ্জামেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে দূর সম্পর্কের আত্মীয় বশির উদ্দিন ও নাসির উদ্দিনের সঙ্গে সুজাউলের বিরোধ ছিল।
“মঙ্গলবার রাতে স্থানীয় আবুর হাট বাজারে একটি দোকানের সামনে বশির ও নাসির লোকজন নিয়ে সুজাউল ও তার ছেলের ওপর হামলা চালায়।”
তিনি আরো বলেন, গুরুতর আহত সুজাউলকে স্থানীয় মস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই শফিকুল বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সুজাউল খুন হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
