কোটি কোটি টাকা বকেয়া, ঠিকাদারদের মানববন্ধন
ঠিকাদারি কাজের পাওনা ৩৫ কোটি টাকা পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) ঠিকাদার কল্যাণ পরিষদ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সওজ কুমিল্লার শাকতলা কার্যালয় প্রাঙ্গণে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করেন ঠিকাদাররা।
ঠিকাদার কল্যাণ পরিষদের আহবায়ক মো. ইমামুজ্জামান চৌধুরী শামীমের সভাপতিত্বে মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব কবির হোসেন ভূঁইয়া, আবু ফয়েজ খান চৌধুরী প্রমূখ ঠিকাদাররা।
বুধবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেন তারা।
পরিষদের আহবায়ক মো. ইমামুজ্জামান চৌধুরী শামীম জানান, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে ঠিকাদারদের পাওনা বিল প্রায় ৩৫ কোটি পরিশোধ করা হচ্ছে না।
এতে সংশ্লিষ্ট ঠিকাদাররা ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।
অর্থাভাবে পরিবার পরিজন নিয়ে ঠিকাদাররা কষ্টে দিন কাটাচ্ছেন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পাওনা টাকা পরিশোধের দাবি জানান আহবায়ক শামীম।
এর আগে গত ৩ এপ্রিল একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঠিকাদার কল্যাণ পরিষদ।
