জামিনের আবেদন নিয়ে ফের আদালতে তাজরীন মালিকের স্ত্রী
অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলায় তাজরীন ফ্যাশনসের মালিকের স্ত্রী মাহমুদা আক্তার এবার জজ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন।
গত ৩ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন মাহমুদা। তবে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।
এর পাঁচ দিনের মাথায় মঙ্গলবার জজ আদালতে জামিনের আদেন করলেন মাহমুদা। আবেদনটি নিয়ে আগামী ১০ এপ্রিল শুনানির দিন ঠিক করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ।
মাহমুদাকে হাকিম আদালত গত ১০ ফেব্রুয়ারি জামিন দিয়েছিল। তবে পরে জজ আদালত ওই জামিন বাতিল করে।
নতুন আবেদনে বলা হয়েছে, “টেকনিক্যাল কারণে আদালত অসন্তুষ্ট হয়ে জামিন বাতিলের ওই আদেশ দিয়েছিলেন।”
তাজরীন ফ্যাশনের এমডি দেলোয়ার হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। তার স্ত্রী মাহমুদা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
তাজরীনে অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলায় গত বছরের ২২ ডিসেম্বর দেলোয়ার, মাহমুদাসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
