প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ন মহাপরিচালকের সাক্ষাৎ
ধ্বংসযজ্ঞ চালাতে মারণাস্ত্রের পেছনে অর্থ খরচ না করে নিরাপদ পৃথিবী গড়তে স্বাস্থ্য ও শিক্ষাখাতে অর্থ বিনিয়োগের জন্য উন্নত দেশগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার গণভবনে ইউরোপীয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) এর মহাপরিচালক রল্ফ ডিটে হয়া’র সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালুর উদ্যোগ নিয়েছে বলে সার্ন মহাপরিচালককে জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের অনেক বিজ্ঞান শিক্ষকের প্রয়োজন রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী রল্ফকে জানান, ছাত্রদের বিজ্ঞান শিক্ষায় বিশেষত পদার্থ বিজ্ঞান পাঠে আগ্রহী করে তুলতে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশের বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণে শেখ হাসিনা সার্নের সহযোগিতা চান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে নেয়া পদক্ষেপের কারণেই বিজ্ঞান বিভাগে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ থেকে দ্বিগুণ হয়ে ২২ লাখ হয়েছে।
বৈঠকে সার্ন মহাপরিচালক নিজ ক্ষেত্রে অবদানের জন্য বাঙালি পদার্থ বিজ্ঞানী সত্যেন বোস এবং পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সোমবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথি হিসেবে যোগ দিতে সার্ন মহাপরিচালক রল্ফ ডিটে হয়া ঢাকায় এসেছেন। সেখানে সমাবর্তন বক্তা হিসেবে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
