দুইশ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক
ফরিদপুরের সালথা উপজেলার বলিভদ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশ শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষিকা।
বিদ্যালয়ের পাঁচটি পদের বিপরীতে দুজন শিক্ষিকা থাকলেও প্রধান শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটতে থাকায় বিউটি পারভিনকেই সামলাতে হয় সবদিক।
সহকারী শিক্ষিকা বিউটি পারভিন জানান, প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম ও তিনি দুজনেই এতদিন শিক্ষার্থীদের পাঠদান করতেন।
দুই মাস আগে প্রধান শিক্ষিকা ৫ মাসের মাতৃত্বকালীন ছুটিতে গেছেন। এজন্য দুই মাস ধরে তিনি একাই ক্লাস নিচ্ছেন, বলেন তিনি।
একজন শিক্ষকের পক্ষে সব শ্রেণির পড়াশুনা সামলানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অভিভাবকরা।
এমন একজন কাশেম মাতুব্বর জানান, “শিক্ষকের অভাবে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ কর্তৃপক্ষের কোনো মাথাব্যাথা নেই।”
চতুর্থ শ্রেণির ছাত্র ফরিদ শেখ জানায়, মাঝে মাঝে ক্লাস না করেই তাদের বাড়িতে ফিরে যেতে হয়।
শুধু শিক্ষক সঙ্কট নয়, বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও এর সংস্কার বা নতুন ভবন নির্মাণের কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রধান শিক্ষিকা তাসলিমা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষক সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি।
সালথা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোশারফ হোসেন জানান, নব্বইয়ের দশকে স্থানীয়দের উদ্যোগে বলিভদ্রদী কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল।
এরপর ২০১৩ সালে সরকারিকরণ করা হয়। সে সময়ে স্কুলে দুটি পদ থাকলেও পরে তা পাঁজটিতে উন্নীত হয়।
তবে নিয়োগ বিধি প্রণয়ন না হওয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন মোশারফ হোসেন।।
শিগগরিই শ্রেণিকক্ষের সমস্যা মিটে গেলেও সরকারি নিয়মানুযায়ী শিক্ষক নিয়োগ দিতে সময় লাগবে বলে জানান তিনি।
