২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতার মালার প্রতিক্রিয়ায় চবির বাসে হামলা, শিক্ষক আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির এক সহসম্পাদককে জুতার মালা পরানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা চালিয়েছে তার অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার সকাল ৯টার দিকে নন্দীরহাট এলাকার এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং’ বিভাগের সহযোগী অধ্যাপক সজীব কুমার ঘোষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, আহত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

হাটহাজারী থানার এসআই আবুল কাশেম ভূইয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষক বাসে হামলা চালানো হয়।

“হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। পরে সকাল ১০টার দিকে অবরোধ তুলে নিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”

শনিবার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু ইউসুফের স্মরণসভায় যোগ দিতে কেন্দ্রীয় লাইব্রেরির মিলানয়তনে গিয়েছিলেন চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির করিম চৌধুরী বাবুল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির এই সহ-সম্পাদকের বিরুদ্ধে ছাত্রনেতা থাকাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা তাকে জুতার মালা পরিয়ে দেয়।

প্রক্টর সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ নেতা বাবুল লাঞ্ছিত হওয়ার ঘটনায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে তার অনুসারীরা। এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায় তারা।

বিশ্ববিদ্যালয়ের বাসটিতে থাকা অর্থনীতি বিভাগের প্রভাষক মল্লিকা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক বাসটি নন্দীরহাটে পোঁছালে কে বা কারা বাসে এলোপাতাড়ি ঢিল ছুঁড়তে থাকে। এতে আহত হন সজীব কুমার।

পরিস্থিতি শান্ত হওয়ার পর শহর থেকে ক্যাম্পাসমুখী বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে বলে জানিয়েছেন প্রক্টর।