৬ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
নির্ধারিত সময়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় ৬ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
দেশের সব সাইনবোর্ড-বিলবোর্ড-নামফলক-নম্বর প্লেট এবং বিজ্ঞাপনে ইংরেজি ভাষা ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে দেয়া নির্দেশ বাস্তবায়ন না করায় মো. ইউনুস আলী আকন্দ নামে ওই আইনজীবী আদালত অবমাননার অভিযোগে আদালতে আবেদন দিয়েছেন।
হাই কোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে সোমবার ওই আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী।
বিবাদী ছয় সচিব হচ্ছেন- মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতি সচিব, তথ্য সচিব ও শিক্ষা সচিব।
আবেদনে এই ছয় সচিবের বিরুদ্ধে কেন আদালত অবমানার অভিযোগ আনা হবে না, মর্মে রুল চাওয়া হয়। পাশাপাশি তাদের সশরীরে হাজির হওয়ার নির্দেশনাও চাওয়া হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি হাই কোর্টের এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সব সরকারি দপ্তরের নামফলক, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে আশু ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়।
দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্রকে এই আদেশের আওতার বাইরে রাখা হয়। ১ মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করতে বিবাদীদের নির্দেশ দেয়া হয়।
আবেদনে বলা হয়, বিবাদীরা আদেশটি এখনো কার্যকর করে নাই। বিবাদীরা জবাবের কোন অনুলিপি আদালতে বা রিটকারীকে দেন নাই, যা আদালত অবমাননার শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।
