নারায়ণগঞ্জে ময়দা কারখানায় জোড়া খুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জে একটি ময়দা কারখানায় দুজন খুন হয়েছেন, যাদের একজন নিরাপত্তা কর্মী এবং অন্যজন শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
নারায়ণগঞ্জ ‘ক’ অঞ্চলের সহকারী পুলিশ সুপার আজিমুল আহসান জানান, নিতাইগঞ্জের ২১২ নম্বর বিবি রোডে নায়না ফ্লাওয়ার মিলস-২ এ রোববার ভোরের দিকে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। সকালে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, শহরের পাইকপাড়া এলাকার মালা বক্করের ছেলে আবদুল আজিজ (৬৫) ও চাঁদপুর জেলার হাইমচর নয়নাপুর গ্রামের আলী খাঁর ছেলে হোসেন মিয়া (৩৫)।
আজিজ ওই কারখানার নিরাপত্তা কর্মী এবং হোসেন শ্রমিক হিসেবে কাজ করতেন।
এএসপি আজিমুল বলেন, রাতে ওই কারখানায় আজিজসহ ছয়জন কাজ করছিলেন। তাদের দুজন খুন হয়েছেন। ওই ছয় জনের মধ্যে এক শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ১০ শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ওই মিলের মালিক নাহিদ হোসেন সুজন বলেন, “সকালে মিলের ফোরম্যান মোবাইল ফোনে খুনের কথা জানায়। পরে বিষয়টি পুলিশকে জানাই।”
কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেন নি।
ঘটনাস্থলে থাকা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, কারখানাটিতে রাতের পালায় নিরাপত্তাকর্মীসহ ছয় শ্রমিক ছিল। এছাড়া মিলের ভেতর ঘুমন্ত ছিল আরো সাত শ্রমিক।
“ভোররাতে কোন সময় কর্মরত শ্রমিকদের মধ্যে থেকে একজনকে ও নিরাপত্তাকর্মীকে হত্যা করা হয়। ঘটনার পর হত্যাকারী বাইরে থেকে মিলের গেইট তালা বন্ধ করে চলে যায়।
“মিলের ভেতরে সব শ্রমিক থাকলেও তাহের নামে এক শ্রমিক পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, তাহেরই দুইজনকে হত্যা করে পালিয়েছে,” বলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল।
তাৎক্ষণিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা তার।
সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
সিআইডি এবং র্যাবও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
