বিষের বোতল নিয়ে ‘প্রেমিকের’ বাড়িতে ১২ দিন
বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় কথিত প্রেমিকের বাড়িতে ১২ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী।
এলাকাবাসী ও তরুণীর স্বজনরা জানান, শ্রীপুরের গোয়ালবাড়ি গ্রামের আব্দুল মালেক লস্করের ছেলে রিপন লস্কর (২৬) একই উপজেলার এক তরুণীর (১৮) সঙ্গে তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
এ সময়ের মধ্য অনেকবার মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়েও বিভিন্ন অজুহাতে বিয়ে করেননি কুমিল্লায় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রিপন।
সর্বশেষ গত ২০ মার্চ রিপন বাড়ি আসেন এবং ২৪ মার্চ মেয়েটিকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন।
পরদিন (২৫ মার্চ) কীটনাশকের একটি বোতল নিয়ে রিপনের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
কিন্তু রিপন কোনো শালিস মানেনি বলে জানান তিনি।
মেয়েটির আত্মীয় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হারুন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিয়েতে রাজি করাতে রিপনের কাছে অনেক অনুনয় বিনয় করেছি।”
কিন্তু তিনি প্রতারণার আশ্রয় নেয়ায় মেয়েটির জীবন শেষ হয়ে গেল বলেও মন্তব্য করেন তিনি।
হারুন বিশ্বাস আরো বলেন, “রিপন তার কর্মস্থলের ঠিকানা বান্দরবান বলে জানিয়েছিলেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি তিনি কুমিল্লায় কর্মরত।”
কোনো সুরাহা না হলে বিষয়টি শেষ পর্যন্ত রিপনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানাবেন বলেও জানান তিনি।
বাড়িতে উপস্থিত সাংবাদিকদের কাছে মেয়েটি বলেন, স্ত্রীর স্বীকৃতির জন্য তিনি মৃত্যু পর্যন্ত ওই বাড়িটিতে অবস্থান করবেন। রিপন তাকে বিয়ে না করলে বিষ খেয়ে জীবন শেষ করে দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিপন সব ঘটনা মিথ্যা বলে দাবি করেন।
রিপনের ছোট ভাই শিপন লস্কর এ সম্পর্কের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।
