২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিপুল ভারতীয় পণ্য আটক

বেনাপোলের আমড়াখালি এলাকায় সাড়ে ১৭ কোটি টাকার ভারতীয় পণ্যসহ একটি কভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 08:41 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার আমড়াখালি বিজিবি চেকপোস্টে ভারতীয় ইমিটেশন ও খাদ্য সামগ্রীসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়।

তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানায়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, একটি চোরাকারবারী চক্র বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশনের চালান নিয়ে বেনাপোল থেকে কভার্ড ভ্যানে ঢাকার দিকে যাচ্ছে খবর পেয়ে আমড়াখালি বিজিবি চেকপোস্টে প্রহরা বসানো হয়।

কভার্ড ভ্যানটি চেকপোস্টে এলে বিজিবি থামাতে বললেও তা দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজিবির ধাওয়া খেয়ে এ সময় চালক কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়।

ভ্যানটি তল্লাশি করে ইমিটেশনের হাতের বালা, চুরি, নেকলেস,  কানের রিং, গলার চেইন, ব্রেসলেট, ব্রুস, টিকলি, বিছা ও ১৫০ কেজি খাদ্য সামগ্রী পাওয়া যায় বলে বিজিবি কর্মকর্তা জানান।

এই বিজিবি কর্মকর্তা আরো বলেন, আটক মালামালের মূল্য ১৭ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। মালামালগুলো যশোর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা হয়েছে।