শাহবাগে মারামারির পর গ্রেপ্তার দুজনের জামিন
শাহবাগে মারামারির পর গ্রেপ্তার দুজন শামস রশীদ জয় এবং মেহেদী হাসান আদালত থেকে জামিন পেয়েছেন।
গণজাগরণ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের পাল্টাপাল্টি মামলার আসামি এই দুজনকে শনিবার ঢাকার আদালতে পাঠানো হলে ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক দুজনকে জামিন দেন।
গণজাগরণ মঞ্চের কর্মী জয় ও কমান্ডের সভাপতি মেহেদীকে রিমান্ডে চেয়ে কোনো আবেদন ছিল না বলে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাল্টাপাল্টি মামলায় দুজনের যার যার আইনজীবীদের আবেদনে বিচারক দুজনেরই জামিন মঞ্জুর করেছেন।”
আগের দিনের মারামারির পর শুক্রবার শাহবাগে প্রজন্ম চত্বরে পাল্টাপাল্টি সমাবেশের চেষ্টা হলে সাতজনকে আটক করে পুলিশ।
জয় ছাড়া গণজাগরণ মঞ্চের গ্রেপ্তার বাকিরা হলেন- ধীমান আজিজ, ফরিদ আহমেদ, সোহাগ আজিজ ও টিটু।
সভাপতি মেহেদী ছাড়া কমান্ডের গ্রেপ্তার অন্যজন হলেন সংগঠনটির কর্মী পারভেজ আহমেদ।
শাহবাগে প্রজন্ম চত্বরে বৃহস্পতিবার রাতে দুইপক্ষের মারামারির ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা হয়।
গণজাগরণ মঞ্চের কর্মী নবেন্দু সাহা জয় বাদী হয়ে তাদের ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। এতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মেহেদী হাসান, যুবলীগ নেতা নাসিম আল মুমিন রূপকসহ আটজনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- আবির, শিশির, শেখ আসলাম, এম এম শাহিন, মেহবাহ ও বাবুল।
অন্যদিকে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মেহেদী বাদী হয়ে তাদের ওপর হামলার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের তিন নেতার বিরুদ্ধে মামলা করেন।
এ মামলার আসামিরা হলেন- মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী বাঁধন ও কর্মী নবেন্দু সাহা জয়।
রূপককে আসামি করা নিয়ে প্রশ্ন মঞ্চের মধ্যেই
ইমরানের অভিযোগ ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’: ছাত্রলীগ
গণজাগরণকর্মীদের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে
শাহবাগে মারামারি, গণজাগরণ মঞ্চের ২ কর্মী আহত
