গ্রামের বাড়িতে সমাহিত রুস্তম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দকে গাইবান্ধায় নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ণ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের আগে বাড়ির আঙিনায় জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওর্য়াদী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
চক নারায়ণ গ্রামের জামে মসজিদের ইমাম নিহতের চাচাত ভাই মাওলানা মো. নুরুন্নবী আকন্দের ইমামতিতে জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সব শ্রেণিপেশার মানুষ।
এছাড়া নিহত রুস্তমের সহপাঠী ও রাষ্ট্রবিজ্ঞানের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
হাজারের বেশি লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজায় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশে রুস্তমের বাবা শাহজাহান আলী আকন্দ ছেলেকে হত্যায় জড়িতদের সব্বোর্চ শাস্তি দাবি করেন।
ছেলে হারানো রুস্তমের বাবা-মার কান্না কেউ থামাতে পারছেন না। বারবার মূর্ছা যাচ্ছিলেন রুস্তমের মা রওশন আরা বেগম।
শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত ২টার দিকে লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এ সময় আশপাশের গ্রামের কয়েকশ নারী, পুরুষ, শিশু-কিশোর উপস্থিত হয় তাকে এক নজরে দেখতে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দরিদ্র স্বজনহারা পরিবারটির কান্না কিছুতেই থামছে না।
