২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেকে শাস্তি দেয়ায় মাদ্রাসা শিক্ষক খুন

উত্ত্যক্তকারীকে শাস্তি দেয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 01:40 PM

Updated : 25 Apr 2022, 04:01 PM

শনিবার সকালে সাফাজ মোড়ে এ হামলায় নিহত নজরুল ইসলাম (৬৫) উল্লাপাড়া উপজেলার ডিগ্রির চর গ্রামের চন্দ্রগাতি দাখিল মাদ্রাসার শিক্ষক ও প্রয়াত তমিন মন্ডলের ছেলে।

এ সময় স্থানীয়রা ধারালো অস্ত্রসহ রুহুল আমিন (৩১) নামের এক যুবককে আটক করেছে। রুহুল আমিন শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, সকালে নজরুল ইসলাম কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা রুহুল আমিন ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।

এ সময় স্থানীয় জনতা হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ রুহুল আমিনকে আটক করে পুলিশে সোর্পদ করে।

পূর্ব শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটনানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে স্থানীয় ডিগ্রির চর প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক ফণিন্দ্রনাথ জানান, মাস খানেক আগে রুহুল আমিন এক মেয়েকে উত্ত্যক্ত করলে মাদ্রাসা শিক্ষক বিষয়টি স্থানীয়দের জানান এবং এরপর একটি সালিশ বসে।

ওই সালিশে সিদ্ধান্ত অনুযায়ী শাস্তিস্বরূপ রুহুল আমিনকে একদিন পুকুরের পানিতে দাঁড় করিয়ে রাখা হয়। এ কারণেই এ ঘটনা ঘটিয়েছে রুহুল আমিন।