ভিটামিন এ ক্যাপসুল পাবে ২ কোটি ২০ লাখ শিশু
দেশব্যাপী শনিবার শুরু হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন, যার আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে শিশুদের জন্য মায়ের দুধের উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।
ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং অন্যদের একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
পরবর্তীতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের চিহ্নিত করবেন বলে জানিয়েছেন জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের কর্মকর্তারা।
সাধারণত এই কর্মসূচিতে ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুলের সঙ্গে একটি কৃমিনাশক ট্যাবলেট দেয়া হয়। কিন্তু গত বছর শিশুদের অসুস্থতার গুজব ছড়িয়ে পড়লে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবার যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্কতার সঙ্গে কার্যক্রম চালানোর আহ্বান জানান।
কান্নারত অবস্থায় কোনো শিশুকে ভিটামিন এ ক্যাপসুল না খাওয়াতে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে সরকারের এই কার্যক্রমের বিরুদ্ধে কেউ যাতে কোনো ধরনের প্রচারণা চালাতে না পারে সে ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক থাকারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
