গাছ চুরির অভিযোগে যুবলীগনেতা আটক
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় সরকারি গাছ চুরির অভিযোগে এক ইউনিয়ন যুবলীগ নেতাসহ চার জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক হয়েছেন সাতুরিয়া ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আফজাল হোসেন (৪০), তার সহযোগী পিরোজপুরের কাউখালি উপজেলার ডুমঝুড়ি গ্রামের বাচ্চু ফরাজি (২৮), রুবেল হাওলাদার (২২) ও শাহাবুদ্দিন হাওলাদার (২৫)।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে নৈকাঠি-ভান্ডারিয়া সংযোগ সড়কের উত্তর তারাবুনিয়া গ্রামে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নেওয়ার সময় গোপন সংবাদ পেয়ে এদের আটক করা হয়।
এ সময় গাছ কাটার করাত ও কুঠারসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাজাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে একটি কাটা চাম্বল গাছ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় একটি মামলা করার প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানান ওই বন কর্মকর্তা।
