শিক্ষকের পিটুনিতে স্কুলছাত্র হাসপাতালে
ফেনী সদর উপজেলার এক উচ্চবিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির তিন ছাত্রকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে ফাজিলপুর ডব্লিউ বি কাদরি উচ্চ বিদ্যালয়ের এ ঘটনায় আহত ছাত্রদের মধ্যে মানবিক বিভাগের মাহমুদুল হাসান রাফিকে(১৫) শহরের কনসেপ্ট প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অপর দুজন হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার হাসিবুল হোসেন তমাল (১৫) ও বিজ্ঞান শাখার নোমান সিফাত (১৫)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযোগ স্বীকার করে ছাত্র পেটানোয় অভিযুক্ত বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের শাসন করার অধিকার আছে।”
তার দাবি তিনি অন্যায় কিছু করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, সকালে দ্বিতীয় ক্লাস ছিল শারীরিক শিক্ষা। ওই বিষয়ের শিক্ষক উপস্থিত না থাকায় ইংরেজি শিক্ষক সাইফুল ইসলাম ক্লাস নিতে আসেন।
শারীরিক শিক্ষা ক্লাসে নির্ধারিত পোশাক না পড়ে আসায় তিনি রাফি, তমাল ও সিফাতকে পিটিয়ে বেত ভেঙে ফেলেন।
দশম শ্রেণির প্রথম হওয়া রাফির হাত ভাঙা থাকায় অন্যরা তাকে না মারার অনুরোধ করার পরও তাকে পেটায় বলে জানায় তারা।
ঘটনার পর শিক্ষার্থীরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করেছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে জানান, প্রতিদিনই ওই শিক্ষক কারণে অকারণে ছাত্রদের বেত দিয়ে পেটান।
প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভূঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন বলে জানান।
তিনি বলেন, “শনিবার বিদ্যালয় খুললে স্কুলের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
