২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে গোয়েন্দা তল্লাশি বাড়বে

বাংলা বর্ষবরণের আয়োজন নির্বিঘ্ন করতে রাজধানীর সড়কগুলোতে গোয়েন্দা তল্লাশি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 06:03 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পহেলা বৈশাখে নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “পহেলা বৈশাখ জাতির শ্রেষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে আবেদন তৈরি হয়। তাই এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।“

সরকার কোনো ধরনের নাশকতার আশঙ্কা না করলেও বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।

“কিছু কিছু রাস্তায় গোয়েন্দা তল্লাশি বাড়ানো হবে।”

নতুন সরকারের মেয়াদে প্রথম বাংলা বর্ষবরণে কোনো বিশেষ ব্যবস্থা নেয়া না হলেও আইন-শৃঙ্খলা বাহিনী যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে, বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।

সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।