২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধান শাহাদাত হোসেন জাসু নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 01:00 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

কুমিল্লা র‌্যাব ১১ এর মেজর সাহেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সন্দ্বীপের সীমান্তবর্তী উত্তর উড়ির চরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি রিভলবার ও একটি এলজিসহ আগ্নেয়াস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নদী ও স্থলভাগে অভিযান চলছে।

অভিযানস্থল থেকে র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গত সোমবার থেকে কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের সীমান্তবর্তী বিভিন্ন চর ও নদীতে অভিযানে নামে। বুধবার রাতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাসু ও তার সহযোগীরা বনের ভেতর আত্মগোপন করে থাকে। সকালে চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে র‌্যাব। এক পর্যায়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

অস্ত্র উদ্ধার ও পলাতক দস্যুদেরকে ধরতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মেজর সাহেদ।

পুলিশ জানিয়েছেন, জাসুর বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, হাতিয়া ও চট্রগামের সন্দ্বীপ, ফেনীর সোনাগাজীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, লুটপাট, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধে অনেকগুলো মামলা রয়েছে।