জবির আজমল হোসেন হল উদ্ধারে সিদ্ধান্ত ৮ এপ্রিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল শহীদ আজমল হোসেন হল উদ্ধারের ব্যাপারে আগামী ৮ এপ্রিল সিদ্ধান্ত নেয়া হবে।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল বুধবার এ তথ্য জানিয়েছেন।
এদিন দুপুরে ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিট্রেট মো. মাহাবুব জামিল ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূর মোহাম্মাদসহ একটি প্রতিনিধি দল শহীদ আজমল হোসেন হল পরিদর্শন করেন।
এসময় হলটিতে বসবাসকারীদের বৈধতা যাচাই করতে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়।
পরে বসবাসকারীদের ২ ঘন্টার মধ্যে হলের কাগজপত্র দেখানোর নির্দেশ দেন ম্যাজিট্রেট মো. মাহাবুব জামিল।
বিকেল ৩টার দিকে হলটিতে বসবাসকারীরা ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজলের কাছে তাদের কাগজপত্র জমা দেন।
আবুল ফজল বলেন, আগামী ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের লক্ষে গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির সভায় তাদের কাগজপত্র যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষার্থীদের দেড় মাসের আন্দোলনে বেদখল শহীদ নজরুল ইসলাম হল ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের বেদখল হল পুনরুদ্ধারে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি মঙ্গলবার শহীদ নজরুল ইসলাম হলটি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
বুধবার ঢাকা জেলা প্রশাসন কর্তৃপক্ষ শহীদ নজরুল ইসলাম হলের কাগজপত্র বুঝিয়ে দিয়েছে বিশ্ববিদালয় কর্তৃপক্ষের কাছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও হল উদ্ধারে গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির সদস্য সচিব প্রকৌশলী ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
