২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকশা বদলে সংসদ এলাকায় মসজিদ চান ফরাজী

সর্বকালের অন্যতম সেরা স্থপতি লুই আই কানের নকশা বদলে সংসদ ভবন এলাকায় জামে মসজিদ স্থাপনের দাবি তুলেছেন স্বতন্ত্র এক সাংসদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 08:27 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি বলেন, “সংসদ সচিবালয়ে আমরা সংসদ সদস্যরা আছি,অনেক কর্মকর্তা-কর্মচারী আছে।কিন্তু এখানে জুমার নামাজ পড়ার জন্য কোনো জামে মসজিদ নেই।”

মসজিদ নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন,“লুই কানের নকশার কথা বলে এড়িয়ে যাওয়া যাবে না। ইতিমধ্যে লুই কানের নকশার বাইরে অনেক কিছু হয়েছে।”

সংসদ অধিবেশনে এ সময় সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন ফরাজী।

“আপনি (ডেপুটি স্পিকার)একজন নামাজি ব্যক্তি। এখানে অসংখ্য মানুষের বসবাস। স্পিকার থাকেন, হুইপরা থাকেন।অথচ এখানে জুমার নামাজ পড়ার জায়গা নেই।সংসদ এলকায় একটি উন্নত স্থাপত্য শৈলীসহ জামে মসজিদ তৈরির উদ্যোগ নেন।”

রুস্তম আলী ফরাজীকে ফ্লোর দেয়ার সময় ডেপুটি স্পিকার তাকে কার্যপ্রণালী বিধি মেনে কথা বলার আহ্বান জানান।

তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার বলেন,“কিছু কিছু বিষয় রুল (বিধি)ছাড়া বলতে হয়। আপনার জানা আছে রুল ছাড়া এখানে কথা বলা যায় না।প্রয়োজনে আমাদের কিছু কথা বলতে হয়।

“এখানে যে স্থাপত্য রয়েছে তা পরিবর্তন করে কিছু করা যাবে কি না, আমার জানা নাই। আপনি ধর্মীয় অনভূতির কথা বলেছেন। সংসদের একটি কমিশন আছে,এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে।”