নকশা অনুমোদনের ক্ষমতা চান গাজীপুরের মেয়র
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নান সিটি কর্পোরেশন এলাকায় বসতবাড়িসহ বিভিন্ন ভবনের নকশা অনুমোদন করার ক্ষমতা চান।
বুধবার দুপুরে কর্পোরেশনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের কাছে ভবন নকশার অনুমোদন নিয়ে বিভিন্ন কথা বলেন।
মেয়র বলেন, নারায়ণগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা ও সিটি মেয়রদের নিজ নিজ এলাকায় বসতবাড়িসহ বিভিন্ন ভবনের নকশার অনুমোদন ক্ষমতা রয়েছে।
কিন্তু গাজীপুরে সিটির এ ক্ষমতা না থাকায় সিটির বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
মেয়র মান্নান আরো বলেন, কিছুদিন বিধি বহির্ভূতভাবে রাজউক থেকে গাজীপুর সিটির নাগরিকরা নকশার অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করলেও বর্তমানে তাও বন্ধ রয়েছে।
এতে সিটিতে বসতবাড়ি ও কল-কারখনা নির্মাণে স্থবিরতা এবং আবাসন সংকট প্রকট হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।
এ পরিস্থিতিতে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে মন্তব্য করে নতুন এ সিটি কর্পোরেশনটির মেয়র সরকারের কাছে বসতবাড়ি ও কল-কারখনা নির্মাণে নকশার অনুমোদন ক্ষমতা দাবি করেন।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদের সভাপতিত্বে ওই সম্মেলনে বক্তব্য রাখেন সিটির সচিব মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন অফিসের চিকিৎসক মো. কামরুজ্জামান, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান প্রমূখ।
