স্বাস্থ্যের ডিজিকে তলব
ধর্ষিত নারীকে পরীক্ষায় নারী চিকিৎসক, নার্স ও এমএলএসএস নিয়োগে আদালতের আদেশ না মানায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছে হাই কোর্ট।
স্ব-প্রণোদিত আদেশের ওপর শুনানিতে বুধবার কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন এই আদেশ দেয়। আগামী ২৪ এপ্রিল তাকে আদালতে হাজির থাকতে বলা হয়।
ধর্ষিত নারীকে পুরুষ দিয়ে পরীক্ষা করা হয় বলে সংবাদপত্রে প্রতিবেদন দেখে গত বছরের ১৬ এপ্রিল স্বপ্রণোদিত হয়ে রুল দেয় হাই কোর্টের এই বেঞ্চ।
আদেশে এভাবে পরীক্ষার মাধ্যমে নারীর সম্মান ও নারীত্বের প্রতি অবহেলামূলক এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
পরে জুন মাসে দেয়া আরেক আদেশে ধর্ষণ পরীক্ষার সব সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগে নারী চিকিৎসক, নার্স ও নারী এমএলএসএস নিয়োগ দিতে বলা হয়।
এরপর অনেকবার মামলাটি শুনানির জন্য এলেও স্বাস্থ্য অধিদপ্তর এর কোনো জবাব না দেয়া বা আদালতকে কোনো অগ্রগতি না জানানোয় মহাপরিচালককে তলব করা হলো বলে জানান ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘ঢাকা মেডিকেলে ফরেনসিক বিভাগ, নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে একটি প্রতিবেদনের ভিত্তিতে ওই রুল হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগে ধর্ষণের শিকার নারীর শারীরিক পরীক্ষা করেন পুরুষ চিকিৎসক। ওই চিকিৎসককে সহায়তা করেন পুরুষ ওয়ার্ডবয়। দেশের সবচেয়ে গৌরবময় চিকিৎসা প্রতিষ্ঠানে ধর্ষণের প্রমাণপত্র নিতে এসে নারীকে চরম লজ্জা আর অপমানের মুখোমুখি হতে হয় প্রায়ই।
প্রতিবেদনে আরো বলা হয়, ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপকসহ নয়টি চিকিৎসকের পদের একটিতেও নারী নেই। ১৫ বছর আগে প্রতিষ্ঠিত বিভাগটিতে পিয়ন পদে একজন ছাড়া আর কোনো পদে কোনো নারী নেই।
