মোবারকের পক্ষে ছেলের সাক্ষ্য
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারকের হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন তার বড় ছেলে মোহাম্মদ আসাদ উদ্দিন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার সাক্ষ্য দেন আসাদ। এর আগে এ মামলায় মোবারক নিজেই প্রথম সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
সাক্ষ্যে আসাদ জানান, তার বাবাকে উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা মামলার আসামি করা হয়েছে।
“স্বাধীনতার পরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে আমি জেনেছি,তিনি কখনোই এসব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। আমার বাবা গ্রাম্য রাজনীতির শিকার।আমি এবং আমার পরিবার ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছি।”
পরে সাক্ষীকে জেরা শুরু করেন প্রসিকিউটর শাহিদুর রহমান।
২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি মোবারক হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
২৩ এপ্রিল তার বিরুদ্ধে হত্যা,অপহরণ,আটক, নির্যাতন ও লুটপাটের পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। গত ১৬ মে মামলার বিচারকাজ শুরু হয়।
একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলা হয়।
তখন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
গত বছর ১৫ জুলাই মোবারক হোসেনকে দুই মাসের জামিন দেয় ট্রাইব্যুনাল।এরপর কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।
সর্বশেষ ১২ মাচ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
গত বছরের ১৬ জুলাই থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
