রানা প্লাজায় আহতদের দেখতে সিআরপিতে ডানকান
রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের দেখতে বুধবার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) এসেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী এ্যালান ডানকান।
তিনি আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের শারীরিক উন্নতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
আহতদের চিকিৎসা দিয়ে সারিয়ে তোলায় তিনি সিআরপির প্রশংসা করেন।
অগ্নিকাণ্ড ও ভবন ধসের মতো বিপর্যয় থেকে শ্রমিকদের রক্ষা করে পোশাক শিল্পে মানসম্পন্ন পরিবেশ বজায় রাখার তাগিদ দেন ডানকান।
এ সময় বাংলাদেশের পোশাক শিল্পের মান উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
দুপুরে সিআরপিতে পৌঁছলে এর প্রতিষ্ঠাতা মিস ভেলরি-এ-টেইলর প্রতিমন্ত্রী এ্যালান ডানকানকে স্বাগত জানান। সেখান থেকে বেরিয়ে ঢাকা ফেরার পথে তিনি রানা প্লজার সামনে কিছু সময় কাটান।
