চাহিদাভিত্তিক শিক্ষার তাগিদ রাষ্ট্রপতির
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
তিনি বলেছেন, “প্রতিযোগিতামূলক বিশ্বায়নে টিকে থাকার জন্য নিজেদেরকে আরো যোগ্য করে তৈরি করার গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। চাহিদাভিত্তিক ও কর্মনির্ভর শিক্ষা এ যুগে একান্তভাবে প্রয়োজন।”
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (বিইউপি) এর প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি এ কথা বলেন।
“জ্ঞান-বিজ্ঞানের সব ক্ষেত্রে বিশ্ব প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের পেশাভিত্তিক প্রচলিত ও অপ্রচলিত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে,” বলেন তিনি।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে আবদুল হামিদ বলেন, “সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্ত করে পাস করার শিক্ষা নয়, আলোকিত মানুষ হবার শিক্ষা চাই, সৃজনশীল ব্যক্তিত্ব গড়ার শিক্ষা চাই।”
উচ্চ শিক্ষার ওপর সরকারের গুরুত্ব দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, উচ্চ শিক্ষায় বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। ২০০৫ সালে উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ১১ লাখ। বর্তমানে এ সংখ্যা ২২ লাখের বেশি। ৭/৮ বছরে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর হার দ্বিগুণ হওয়ার উদাহরণ পৃথিবীতে খুব একটা দেখা যায় না।
সমাবর্তনে ৮৮০ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করেন বিইউপির আচার্য আবদুল হামিদ। এছাড়া ৬ জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’, ১২ জনকে ‘ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল’ এবং ২ জনকে ‘বঙ্গবীর ওসমানী গোল্ড’ মেডেল দেয়া হয়।
সমাবর্তন বক্তা ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, ভারপ্রাপ্ত নৌপ্রধান রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার।
