ভারতে পাচারকালে তরুণী উদ্ধার, আটক ১
ভারতে পাচারের উদ্দেশ্যে আনা এক তরুণীকে বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ। পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ‘মৌ’ নামে বেনাপোলের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মেয়েটিকে (১৮) উদ্ধার করা হয়।
তিনি (নাম প্রকাশ করা হলো না) ফরিদপুরের শিবচর উপজেলার আব্দুল মালেকের মেয়ে।
এ ঘটনায় পাচারকারী সন্দেহে আটক করা হয় মাদারীপুর পুরানবাজার এলাকার আজিজ ব্যাপারীর ছেলে আব্দুল হাই ব্যাপারীকে (৪২)। হাই বর্তমানে ঢাকার এ পি পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন।
বেনাপোল পোর্ট থানার এসআই শফিকুল ইসলাম জানান, পাচারকারীর বিরুদ্ধে নারী ও শিশু পাচার আইনে মামলা হয়েছে।
উদ্ধার করা তরুণীর জবানবন্দি গ্রহণের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে ‘মৌ’ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
মেয়েটি জানান, তাদের বাড়ি ফরিদপুরে হলেও থাকেন ঢাকার যাত্রাবাড়ীতে। দুমাস আগে আব্দুল হাইয়ের সঙ্গে তার পরিচয় হয়।
পরিচয়ের পর প্রায় সময়ই সে অনেক বেতনে মডেলিংয়ের চাকরি দেয়ার কথা বলত।
রোববার বিকালে মোবাইল ফোনে তার চাকরি হয়ে গেছে জানালে তারা রাতে একটি বাসে করে সোমবার বেনাপোল আসে।
ভারতে পাচারের ‘লাইন’ খারাপ থাকায় বেনাপোল ‘মৌ’ নামের একটি আবাসিক হোটেলে তাকে রাখা হয়।
