শ্রীপুরে ভোট পুনঃগণনার দাবি পরাজিতের
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় ভোট গণনার দাবি করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোতালেব।
মঙ্গলবার বিকাল ৫টায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
মোট গৃহিত ১ লাখ ৬২ হাজার ৭১৬ ভোটের মধ্যে ১০ হাজার ৪০৬ ভোট বাতিল দেখানোকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন তিনি।
লিখিত বক্তব্যে আব্দুল মোতালেব দাবি করেন, বাতিল এসব ভোট তার পক্ষের।
এ ছাড়া অনেক ব্যালটের মুড়ির সঙ্গে প্রদত্ত ভোটের কোনো মিল নেই। প্রশাসন অনেক কেন্দ্রে এজেন্টদেরকে রেজাল্ট শিট না দিয়েই সিল দেয়া ব্যালট পেপার নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়।
২৬টি কেন্দ্রের নাম উল্লেখ করে ওইসব কেন্দ্রে জোরপূর্বক সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কাছে হেরে যাওয়া এই চেয়ারম্যান প্রার্থী।
উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফায় সোমবার শ্রীপুর থেকে বিএনপি সমর্থিত আব্দুল মোতালিব কাপ-পিরিচ প্রতীক নিয়ে পান ৬৬ হাজার ৯৬৬ ভোট।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত মো. আ. জলিল আনারস প্রতীক নিয়ে ৭৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, সহ-সভাপতি আহাম্মদ আলী রুশদী, শ্রীপুর থানা সভাপতি শাহজাহান ফকির এবং কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা এস এম রুহুল আমীন প্রমূখ।
