রংপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।
মঙ্গলবার দুপুরে বড় আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে এ সংঘর্ষে আব্দুল হালিম (৩৫) স্থানীয় আব্বাস আলীর ছেলে।
সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে আব্দুর রহিম (৩৮), আব্দুর রহমান (৩৬), রাজু মিয়া (৩০) ও শাহুনুর রহমানকে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশময়না তদন্তের জন্য লাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বাবলু মিয়া (৪৫), মোবাশ্বের আলী (৩৫), শামছুল আলম (৪৮) ও ফারুক আহামেদ (৪০)।
বড় আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান জানান, আলমপুর গ্রামের আব্বাস আলীর তিন ছেলে আব্দুর রহিম, আব্দুল হালিম ও আব্দুর রহমান নানার দেয়া সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিছুদিন ধরে পাশের পত্নীচড়া গ্রামের মিজানুর রহমান ওই জমির মালিকানা দাবি করেন।
মঙ্গলবার বেলা ১টার সময় মিজানুর রহমান তির-ধনুক ও দেশি অস্ত্রসহ দলবল নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন।
এতে আব্বাস আলীর ছেলেরা বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।
আহত আব্দুল হালিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, হালিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে তির বিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির আগেই তার মৃত্যু হয়।
