২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম আজম বিল ঘারিন্দা গ্রামের আফজ উদ্দিন মাস্টারের ছেলে।

নিহতের স্ত্রী প্রত্যক্ষদর্শী জান্নাতুল ফাতেমার বরাত দিয়ে টাঙ্গাইল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিকেলে গোলাম আজম বাড়ির কাছে তার আসবাবপত্রের দোকানে বসেছিলেন।

এ সময় তিনটি মোটরসাইকেলে ৫ যুবক এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তারা।

স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়।

ঢাকা নেয়ার পথে মির্জাপুরে বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই আশরাফুল জানান, তার শরীরে তিনটি গুলি ও বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।