নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে: কাদের
উপজেলা নির্বাচনে অনিয়ম-জালিয়াতির অভিযোগ নাকচ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ‘মিথ্যাচার’ করেছে।
মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সফল’ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চতুর্থ উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপ শেষ হয় ৩১ মার্চ। পাঁচ ধাপে ৪৮৭ উপজেলার ৪৫৯টিতে ভোট হয়েছে। এর মধ্যে ৪৫৪টির ফলাফল পাওয়া গেছে।
পাঁচ পর্ব মিলিয়ে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী চেয়ারম্যানের সংখ্যা ২৩১ জন। বিএনপির চেয়ারম্যানের সংখ্যা ১৬১ জন।
এছাড়া জামায়াতে ইসলামীর ৩৫, জাতীয় পার্টির ৩, জেএসএসের ৮, ইউপিডিএফের ৪, এলডিপির ১ এবং নির্দলীয় ও অন্যান্য ১১ জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘরে তুলেছে আওয়ামী লীগ; যদিও এতে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে বিএনপি।
বিএনপির অভিযোগকে ‘মিথ্যাচার’ দাবি করে আওয়ামী লীগের প্রেসিডেয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, “উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার হীন রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতৃবৃন্দ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, ভিত্তিহীন, কল্পিত, কুৎসিত মিথ্যাচারে লিপ্ত ছিল। কিন্তু জনগণ প্রমাণ করেছে তারাই সব ক্ষমতার উৎস।”
নির্বাচন সুষ্ঠু না হলে তাতে সরকারেরই বদনাম হতো মন্তব্য করে তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি আমরা প্রশাসনকে বলেছিলাম, সরকারের বদনাম হয় এমন কাজে বাধা দিতে।”
এই নির্বাচনে নিজেদের ঘাঁটি হিসেবে পরিচিত অনেক উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “এটা কোনো দলীয় নির্বাচন নয়। এক্ষেত্রে প্রার্থীর দুর্বলতা ছিল। আর আমরা তো প্রার্থীকে নিয়ন্ত্রণ করি নাই।”
“এটা স্থানীয় নির্বাচন। এখানে কোনো দলের জনপ্রিয়তা যাচাইয়ের কিছু নাই।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
