২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার বারসহ ৩ পুলিশ গ্রেপ্তার

১৪৯টি সোনার বারসহ রাজধানীর রামপুরা থানার এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পুলিশের এক সোর্সকেও গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 10:53 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

শাহজালালে ৭ কেজি সোনাসহ আটক ২

গ্রেপ্তাররা হলেন- রামপুরা থানার এসআই মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ চৌধুরী এবং তাদের সোর্স রনি।

সোমবার রাতে রাজধানীর বাইরে তিনটি জেলা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।

পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাইক্রোবাস থেকে সোনার বারসহ সমীর ও মুহিন নামে দুইজনকে আটক করেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এর তিন দিন পর এ ঘটনায় ওই দুজনকে আসামি করে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা হয়, যাতে ৭০টি সোনার বার উদ্ধার দেখানো হয়।

পরে ২০ মার্চ মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেয়া হয় বলে জানান মনিরুল ইসলাম। ডিবির উপপরিদর্শক মো. মাসুদ মিয়া মামলা তদন্তের দায়িত্ব পান।

আসামিদের দুই দিনের রিমান্ডে নেয়ার পর মাহিন মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জানান, ২৩৫টি সোনার বার নিয়ে তারা বনশ্রী থেকে তাঁতীবাজার যাচ্ছিলেন। পথে পুলিশের কাছে তারা ধরা পড়েন।

স্বীকারোক্তির পর তাদের দুজনকে জেল হাজতে পাঠানো হয়।

এরপর মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত অব্যাহত রাখে।

সোমবার রাতে গোয়েন্দা পুলিশের তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে পুলিশ সদস্য মঞ্জুরুল, ওয়াহিদ ও আকাশ এবং সোর্স রনিকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এদের মধ্যে প্রত্যেক পুলিশ সদস্যের শ্বশুরবাড়িতে  বারগুলো পাওয়া যায়। একজনের ডিপ ফ্রিজের মাংসের প্যাকেটে কয়েকটি বার ছিল বলে পুলিশ জানিয়েছে।

সোনার বার আত্মসাতের সাথে রামপুরা থানার ওসির সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

পুলিশের অন্য এক কর্মকর্তা বলেন, সোনার বারসহ গাড়ি আটকের পর অন্য জোনের পুলিশের এক সহকারী কমিশনার গাড়িটি ছেড়ে দেয়ার জন্য রামপুরা থানার ওসিকে অনুরোধ করেছিলেন। কিন্তু ওসি তার কথা না শোনায় তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়।

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বর্ণের বারগুলো দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর হয়ে ঢাকায় আসে। এরপর বেনাপোল দিয়ে সেগুলো ভারতে পাচারের পরিকল্পনা ছিল।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, বাকি ১৬টি বার উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।