২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা: বার্গম্যানের বিরুদ্ধে অভিযোগে ১৭ এপ্রিল আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে ব্লগে মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে আমলে নেয়ার বিষয়ে আদেশ দেয়া হবে আগামী ১৭ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এদিন ধার্য করে।

সোমবার বার্গম্যানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালে তার দাখিল করা জবাবের বিষয়ে শুনানির দিন ধার্য় ছিল।

শুনানি শেষে ট্রাইব্যুনাল বলে, বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হবে কি না- সে বিষয়ে ১৭ এপ্রিল আদেশ দেয়া হবে।

বার্গম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিলকারী হাই কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ ও মিজান সাঈদ আদালতে উপস্থিত ছিলেন। বার্গম্যানের পক্ষে ছিলেন তার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও তার স্ত্রী ব্যারিস্টার সারা হোসেন।

এদিন শুনানির সময় ব্যারিস্টার মোস্তাফিজকে ট্রাইব্যুনাল জিজ্ঞাসা করে, মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছে সেটা একটা নির্দিষ্ট বিষয়। শুধু শুধু এ বিষয়ে বিতর্ক তৈরির দরকার কী?

এর জবাবে মোস্তাফিজ বলেন, “বার্গম্যান বলেননি যে বাংলাদেশে শহীদের সংখ্যা ৩০ লাখের কম। বরং তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। এ বিষয়ে তিনি বিভিন্ন সোর্স উল্লেখ করেছেন।”

“শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য আমাদের আবেগকে আঘাত করে। কিন্তু এ বিষয়টি আদালত অবমাননার হতে পারে কি? এটা তো আদালতে বিচারাধীন বিষয়ে কোন মন্তব্য নয়,”  বলেন এই আইনজীবী।

এরপর আবেদনকারীর আইনজীবী মিজান সাঈদকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলে ট্রাইব্যুনাল। তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনের ১১(৪) ধারায় এ বিষয়ে উল্লেখ রয়েছে।

সাঈদ বলেন, “আমরা আপনাদেরকে (ট্রাইব্যুনাল) সহায়তা করতে এসেছি। এখন আপনারা যদি মনে করেন এটা আদালত অবমাননা, তাহলে আদেশ দিবেন, আর মনে না করলে যা ভালো হয় সেটা করবেন।”

বার্গম্যানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ড. কামাল হোসেনের মেয়ে সারা সাংবাদিকদের বলেন, “বার্গম্যানের ডকুমেন্টারির কারণে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত চৌধুরী মুঈনুদ্দীনের বিচার হয়েছে। হঠাৎ করে কার নির্দেশে ও হুকুমে শুধু বার্গম্যানের বিরুদ্ধে ওই অভিযোগ তারা এনেছেন? কেন?

“যারা যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা করেননি কেন,এটাই আমার প্রশ্ন।”

গত ১৮ মার্চ নিজের বিরুদ্ধে আনা আদালত অবমাননার বিষয়ে আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দাখিল করেন বার্গম্যান।

গত ১৯ ফেব্রুয়ারি বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পরদিন এ বিষয়ে তার পক্ষে শুনানি করে অ্যাডভোকেট সাঈদ মিজান।

শুনানিতে তিনি বলেন, বার্গম্যান ট্রাইব্যুনাল রায় ঘোষণার আগেই তা নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া বিচারাধীন বিষয় নিয়েও তিনি মন্তব্য করেছেন তার লেখায়। এসব মন্তব্য বিচারিক আদালতের জন্য হুমকিস্বরূপ এবং জনস্বার্থবিরোধী।

নিজের ব্লগের বিষয়ে ডেভিড বার্গম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সেখানে ট্রাইব্যুনালের দেয়া কিছু আদেশ নিয়ে সমালোচনামূলক মন্তব্য রয়েছে, তবে সেগুলো পরিমিত ও নিরপেক্ষ, যদিও কেউ কেউ এতে দ্বিমত পোষণ করতে পারে।”

এর আগে ২০১১ সালে ইংরেজি দৈনিক ‘নিউ এইজ’ এ মতামত কলামে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে বিরূপ মন্তব্য করায় ডেভিড বার্গম্যানকে কঠোর ভাষায় সতর্ক করেছিল ট্রাইব্যুনাল।