মহেশপুর সীমান্তে আড়াই কেজি স্বর্ণসহ যুবক আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সোমবার সকালে ২৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি সন্দেহে এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে যাদবপুর সীমান্তে এ অভিযান চালানো হয়।
আটক সরোয়ার হোসেনের (২৮) জুতার ভেতর থেকে দুই কেজি চারশ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
সরোয়ারের বাড়ি মহেশপুর উপজেলার বেতবাড়ীয়া গ্রামে।
র্যাব কর্মকর্তা আরো বলেন, “আমাদের কাছে গোপন খবর আসে যে, কয়েকজন চোরাচালানী একটি সোনার চালান ঢাকার আমিনবাজার থেকে ভারতে পাচারের জন্য মহেশপুর সীমান্তে নিয়ে গেছে।”
এর ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান স্কোয়াড্রন লিডার ফয়সাল।
