‘ইতিহাস বিকৃতি বন্ধ হলে গণতন্ত্র সমুন্নত হবে’
দেশে গণতন্ত্রকে রক্ষা করতে হলে ইতিহাস বিকৃতির রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার দুপুরে পিরোজপুরের আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বই পড়ে দেশের সত্যিকারের ইতিহাস জানতে হবে এবং কেবলমাত্র তা বজায় থাকলেই দেশের প্রকৃত গণতন্ত্র রক্ষা হবে।
সভা শেষে জেলা আইনজীবী সমিতিকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ আইন বিষয়ক বিভিন্ন বই হস্তান্তর করেন তিনি।
এ সময় দক্ষিণাঞ্চলে আইনজীবী সমিতির ভবনগুলোর আধুনিকায়নের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সংগে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল।
