পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্বৃত্ত তোষণের অভিযোগ
দিনাজপুরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে।
দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা পুলিশ সুপার বরাবর শনিবার লিখিত এ অভিযোগ দিলে তিনি বিষয়টি তদন্তের ব্যবস্থা করেন।
দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু তারেক রোববার জানান, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নবিজ উদ্দিনের বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে তদন্তের দায়িত্ব পেয়েছেন তিনি।
এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।
পুলিশ সুপার রুহুল আমিন বলেন, শনিবার বিকালে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেন- কলেজ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাই ঘটনায় বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকরীকে ধরে সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নবিজ উদ্দিনের কাছে সোপর্দ করলেও তিনি অপরাধীকে ছেড়ে দেন।
“এসব ঘটনায় থানায় মামলা করতে চাইলে এসআই নবিজ উদ্দিন ছাত্রদের বলেন, মামলা করলে তোমরাই বিপদে পড়বে।”
তাই শিক্ষার্থীরা বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন।
অভিযোগ পাওয়ার পর রোববারেই ঘটনা তদন্তে সহকারী পুলিশ সুপার আবু তারেককে দায়িত্ব দেয়া হয়।
পুলিশ সুপার জানান, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
