রেলের সাড়ে চার হাজার একর জমি বেদখল
সারা দেশে রেলের চার হাজার ৬৩৫ দশমিক ৫১ একর জমি বেদখল আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রোববার জাতীয় সংসদে পঞ্চগড়-২ আসনের সদস্য নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, রেলওয়ের ১৩ হাজার ৪২৩ দশমিক ২৪ একর জমি অব্যবহৃত আছে।
নেত্রকোণা-৫ আসনের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের আরেক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, রেলওয়ের জমি অবৈধ দখলার দখল রাখার জন্য আদালতে অসত্য তথ্য দিয়ে মামলা-মোকদ্দমা করে আদালত থেকে স্থিতাবস্থা/নিষেধাজ্ঞা বা অন্য আদেশে নিয়েছে।
“ফলে এসকল অবৈধ দখলভুক্ত রেলভূমি উদ্ধারের জন্য চলমান মামলা-মোকদ্দমার জবাব দেয়াসহ অন্য আইনি প্রক্রিয়া গ্রহণ চলমান আছে।”
আইনি প্রক্রিয়ায় অবৈধ দখলমুক্ত রেলের জমি উচ্ছেদের মাধ্যমে উদ্ধারের ‘সর্বোচ্চ’ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান মুজিবুল।
চট্টগ্রাম-৪ আসনের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিআরটিএ থেকে ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দেয়া হয় না।
এসব রিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ’র তিন জন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।
‘রেলের জমি হাতছাড়ার পেছনে রাজনৈতিক প্রভাব’
